চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর, নৌ বাহিনী ও নৌ পুলিশ অংশগ্রহন করে।
সদর উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, আজ বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে বিকাল ৩ টা হতে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর মিনিকক্স বাজার, রাজরাজেশ্বর, লালপুর ও কাচিকাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাল কোস্টগার্ড স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দৃকত মাছ স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. মুশফিকুর রহমান, নৌবাহিনী টিম প্রধান অনারারী সাব লেফটেন্যান্ট মোঃ নুরুল হুদা বিএনসহ তাঁর দল, কোস্ট গার্ড চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম ও নৌ পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইনুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


