চাঁদপুর: চাঁদপুরে মিষ্টির দোকান ও চানাচুর বিক্রয়কারী একটি ব্যবসা প্রতিষ্ঠান ওজনে কম দেয়ায় ভোক্তার অভিযোগের ভিত্তিতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অভিযোগকারীদের ২৫% প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এসব তথ্য জানান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ওজনে মিষ্টিতে কম দেয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণসহ একজন ভোক্তা অভিযোগ দাখিল করেন। ১৪ ডিসেম্বর শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠান মতলব দক্ষিণ বাজারের ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫% অর্থ ১ হাজার ২শ’ ৫০ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।
নুর হোসেন জানান, দুইজন বন্ধু চানাচুরে ওজনে কম দেয়ার পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে প্রমাণ সহ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শুনানিতে অভিযোগটির সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আরোপিত জরিমানার ২৫% অর্থ ৩ হাজার ৭শ’ ৫০ টাকা অভিযোগকারীগণকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
ফম/এমএমএ/



