মাদক সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ, হাইমচরে যুবকের ৫ মাসের কারাদণ্ড

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে মাদক সংরক্ষণের দায়ে মো. মনির ঢালী (৪২) নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ সময় মনির ঢালীকে আটক করা হয়। সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়টি তিনি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

এ সময় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম