চাঁদপুরে আলিমের ফল পর্যালোচনা: শিক্ষার মানোন্নয়নে ডিসির কঠোর নির্দেশনা

চাঁদপুর: চাঁদপুরের মাদ্রাসাগুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার এবং শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও পরবর্তী শিক্ষাবর্ষে ভালো ফলাফল অর্জনের করণীয় নির্ধারণে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফলের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, জেলার তিনটি মাদ্রাসা শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো-হাজীগঞ্জের নেছারাবাদ ছালেহিয়া ফাযিল মাদ্রাসা, সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসা ও বাকিলা ফাযিল মাদ্রাসা।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের নির্দেশনা দেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সাফল্যের কারণ এবং অন্যান্য মাদ্রাসার ফলাফলের দুর্বলতার দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।

সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা, আইসিটি শিক্ষার মান বৃদ্ধি এবং ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মান বাড়াতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে চাঁদপুরের মাদ্রাসাগুলো পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও আরও এগিয়ে যাবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম