মরহুম পিতারসহ বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল পরিচয়পত্র পেলেন দুলাল পাটওয়ারী

চাঁদপুর: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র বিতরণ শুরু হয়েছে। চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাবেক গণপরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক দুইবার এর সফল চেয়ারম্যান, মরহুম আব্দুল করিম পাটোয়ারী ও তাঁর জেষ্ঠ্যপুত্র জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র জেলা প্রশাসক কামরুল হাসান এর কাছ থেকে গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র গ্রহন করেন তাঁরই সন্তান আবু নাছের বাচ্চু পাটওয়ারী।

মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা প্রদর্শন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে, জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। এসময় তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের যোগ্য করে তুলতে আহবান জানান।


ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম