মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মচারী নিহত

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান (২২) নামে ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ মিয়া ব্যাংক ভবনের ছাদে গেলে বিদ্যুতের মেইন লাইনে স্পর্শলেগে গুরুতর আহত হন।

হাসান ওই বিল্ডিংয়ে আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। তিনি হাজীগঞ্জ উপজেলার মালাপাড়া গ্রামের আঃ সোবহানের ছেলে।

আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপশাখার ট্রান্সজেকশন সার্ভিস অফিসার মোঃ শাকিল বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মত হাসান অফিসে আসছে। অফিসে আসার পর সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায়। ওখানে বিদ্যুতের তারে লেগে আহত হয়। লোকজন দেখে ডাকচিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সানোয়ার ও সঙ্গীয় ফোর্স।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার বিষয়টি ফোকাস মোহনাকে  নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা ময়না তদন্ত না করার পক্ষে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হাস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/