মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ৫৪ টি পরিবারের মাঝে ৭ হাজার ৫০০ টাকা করে ৪ লাখ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন উইমেন চ্যাপ্টার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা করবে। এ ধরনের সহায়তা কার্যক্রম অসহায় মানুষের মধ্যে আশার সঞ্চার করে।
তারা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
চেক হস্তান্তরের মাধ্যমে দুর্যোগ ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বরাদ্দকৃত ৪ লাখ ৬ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
ফম/এমএমএ/


