চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করায় ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর ৭জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।
এর আগে নৌ পুলিশ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটক জেলেদের সাথে থাকা ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ১০টি মাছ ধরার নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জেলের মধ্যে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা হয়েছে।
ওসি আরো বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকা থানা হেফাজতে এবং ইলিশ স্থানীয় দ্স্থুদের মাঝে বিতরণ করা হয়। আর মামলার আসামী জেলেদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/


