মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জাল জব্দ করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাহেরচর ও নাছিরারচর এলাকার মরা পদ্মার মুখসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ চায়না চাই ব্যবহার করে মাছ আহরণের অভিযোগে আব্দুল জলিল (৬০), আমিন গাজী (৪০), রফিক ওস্তাগার (৪৯), নজরুল তাতী (৫৬), আমির হোসেন (৩৬), সোহেল শেখ (৪০), অকিল চন্দ্র দাস (৪০) ও বাবু মাদবর (৩০)-কে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে প্রত্যেকের ৮০ মিটার করে মোট ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জাল উদ্ধার করে জব্দ করা হয়।
নৌ পুলিশ আরও জানায়, আটক আটজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক আটটি মৎস্য মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মা ইলিশ সংরক্ষণ ও নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফম/এমএমএ/


