ব্যাপক হারে সহিংসতা করার পরিকল্পনা বিএনপি-জামাতের: শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বিএনপি একটি সমাবেশে ডেকেছে। আমরা দেখলাম, কতটুকু সত্য জানিনা। তারা বলছে, তাদের নেতা-কর্মীদেরকে পরিবারের নিটক থেকে বিদায় নিয়ে আসতে। প্রয়োজন হলে তারা জান দিয়ে দিবে। তাহলে এরকম প্রশ্ন উঠছে কেন? তাদের যদি শুধু একটি সমাবেশই হয়, তাহলে জান দিয়ে দেবার প্রশ্ন উঠছে কেন। নিশ্চয়ই তাদের একটি পরিকল্পনা রয়েছে ব্যাপক হারে সহিংসতা করবার এবং সেই আশঙ্কাটা জনমনে আছে। এটি বিএনপি-জামাতের অতীতের রেকর্ডের কারণে আছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মত একটি দেশ, যে দেশটি উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। এরকম একটি দেশে কোন দলেরই অশান্তি সৃষ্টি করা কিংবা কোন সহিংসতা করা একেবারেই উচিৎ নয়।

মন্ত্রী বলেন, যে কোন সময় আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে। আওয়ামী লীগ মানুষের অধিকারের পক্ষে এবং সে দায়িত্বটি আওয়ামী লীগ সব সময় পালন করেছে। এখন যেহেতু আমরা সরকারে, তাই দায়িত্ব এখন আরো বেশী। অতএব সরকারের পাশাপাশি আমাদের দলও সঠিকভাবে দায়িত্ব পালন করবে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম