
চাঁদপুর: চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
রবিবার (২২জুন) বাদ মাগরিব বড় স্টেশন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের হল রুমে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালাউদ্দিন সেলিম এর সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চাঁদপুর জেলা কাওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা সিরাজুল ইসলাম বলেন “আমি প্রথমেই বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এমন একটি মানবিক, সুন্দর এবং সচেতনমূলক আয়োজনের জন্য। আজকের এই ফল উৎসব শুধু একটি উৎসবই নয়, এটি একটি ভালোবাসা, একটি মানবিক অনুভব এবং সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি।
আজ আমি যেসব শিশুদের সঙ্গে এখানে সময় কাটাতে পেরেছি, তাদের চোখে আমি স্বপ্ন দেখেছি, আশা দেখেছি। আমাদের সমাজের প্রতিটি শিশুই আলোকিত ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। এই সম্ভাবনাকে সঠিকভাবে বিকাশের জন্য দরকার পুষ্টি, শিক্ষা, স্নেহ এবং নিরাপদ পরিবেশ। আজকের এই ফল উৎসব সেই পথের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। আমি তাদের কার্যক্রমের সঙ্গে আগে থেকেই পরিচিত। আজকের অনুষ্ঠানটি প্রমাণ করে, তারা শুধু সামাজিক দায়বদ্ধতার কথা বলে না, বাস্তবেও কাজ করে।
আমরা প্রায়ই দেখি শহরাঞ্চলে নানা রকম অনুষ্ঠান হয়, উৎসব হয়, কিন্তু মাদ্রাসার শিশুরা বা প্রান্তিক শ্রেণির শিশুরা সেসব থেকে বঞ্চিত থাকে। আজকের এই আয়োজনে তাদের মুখে যে আনন্দ, সে আনন্দ টাকা-পয়সা বা উপহারে মাপা যায় না। এটি হৃদয়ের প্রশান্তি দেয়, মানবিকতার চর্চা শেখায়।
আমি আশা করি বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠন তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে তারা আরও বড় পরিসরে এমন মানবিক আয়োজন করবে। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের পাশে আছি এবং আগামীতেও থাকব।
রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মসজিদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন আশরাফীর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ফয়সাল গাজী বাহার, সালাউদ্দিন সেলিম, হোসেন চোখদার , মোস্তফা মাল, জিল্লু ব্যাপারি, হোসেন গাজী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম,হিলশা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান বাকিবিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, মনির সরকার, আব্দুল মান্নান, আক্কাস মাল।
সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল খান, মিহাদ হোসেন, জাহিদ, সালাউদ্দিন খান, বোরহান, খোকা , রাব্বি।
এছাড়াও বড় স্টেশন এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম,খতিব গণ উপস্থিত ছিলেন।
ফল উৎসবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজ।
পরিশেষে দোয়া মোনাজাতে এর মাধ্যমে ফল উৎসব সমাপ্ত হয়।
ফম/এমএমএ/



