
চাঁদপুর: চাঁদপুর শহরের পুরানবাজার ফলপট্রি এলাকায় বিস্কুটের দোকানে চুরি হওয়া টাকা উদ্ধার ও চোরকে আটক করেছে পুলিশ।
চুরির ঘটনার ২৪ ঘন্টা না যেতেই পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মার সহাসি অভিযানে চোর ফারুক পাটওয়ারী (৪৫) কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় চুরি হওয়া ৪ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার করদি সিদলা পাটওয়ারী বাড়ীতে চলে অভিযান।
এসময় চোর ফারুক পাটওয়ারী (৪৫)কে তার বসতঘরের মুরগির ঘর থেকে আটক করা হয়। পরে তার বসতঘরে থাকা চুরিকৃত ৪ লক্ষ টাকার মধ্যে ১লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আটক ফারুক পাটওয়ারীকে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ,ঢাকাতে একাধিক চুরির মামলা রয়েছে।
আটক চোর ফারুক পাটওয়ারী জানান, সে খুব ভোরে চুরির উদ্দেশ্যে হাজীগঞ্জ থেকে পুরানবাজারে আসে।ফলপট্রি এলাকায় সে অবস্থান করে বিস্কুটের দোকানী কালামকে ফলো করে। পরে দোকানে টাকার ব্যাগ রেখে কালাম পানি আনতে গেলে সুযোগ বুঝে সে ব্যাগ থেকে টাকা নিয়ে সটকে পরে।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা জানান,ফেইসবুকে সিসি ফুটেজ ভাইরাল হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি চোরের সন্ধান দেয়। যাচাই বাচাই শেষে আমরা হাজীগঞ্জ পুলিশের সহযোগিতা নিয়ে চোরের বাড়িতে অভিযান চালাই। এসময় চুরিকৃত টাকার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করি, বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।
ফম/এমএমএ/



