সংস্কৃতি রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে ভূমিকা নিতে হবে : এমপি মানিক

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সাথে মতবিনিময়

চাঁদপুর: চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সাথে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (সদর ও হাইমচর) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে এমপির নিজস্ব বাসভবনে এই মতবিনিময় সভায় অংশ নেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেতারা।

মতবিনিময়কালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সংস্কৃতি রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে ভূমিকা নিতে হবে। আপনাদের যেকোন সমস্যায় আমি পাশে আছি। ১২ ফেব্রুয়ারির ভোটে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আশা করি সে সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচনে জয় লাভের পর দায়িত্ব পেয়েই আমরা কিছু কিছু এলাকার উন্নয়নমূলক কাজে হাত দিয়েছি। দোকান ঘর থেকে হাইমচর পর্যন্ত রাস্তার কাজ শুরু করা হয়েছে। ফরিদগঞ্জের বাইপাস রাস্তার কাজও চলছে। আগামী তিন চার মাসের মধ্যে এর সুফল পাবেন। বসার জন্য কদমতলায় অডিটরাম করা হয়েছে।

তিনি আরো বলেন,আমাদের এই অঞ্চলে দুঃস্থ অনেক মানুষ রয়েছে। তাদের জন্য সরকারের অনেক ব্যবস্থা থাকে সমাজ কল্যাণ দপ্তরে। তো, আপনাদের সংগঠনের মাধ্যমেও যদি এমন কেউ থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। বিশেষ করে অনেক হিন্দু শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অর্থ সংকটে রয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করে আপনারা আমাকে জানাবেন তাহলে সরকার ও আমরাও তাদের পাশে থাকবো।

তিনি বলেন, মাদক নিয়ে কাজ করছি। আপনারা উপার্জন ও পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমাদের আপনাদের সন্তানরা কি করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশাসন আইনের মাধ্যমে সকল কিছু করবেন। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। চাঁদপুরে আমরা মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রশয় দিব না।

আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের কমিউনিটির উন্নয়নে যখন যা লাগবে বলবেন আমি পাশে থাকবো।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন চ জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়।

সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম আহ্বায়ক পাপড়ি বর্মন,কবিতা সাহা, রাখি মজুমদারসহ অন্যরা।

এসময় জেলা মহিলা ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নারীদের নিয়ে তাদের নানাবিধ সমস্যা ও সংগঠনের লক্ষ্য উদ্দ্যেশ্য ও কাজ সম্পর্কে এমপি-কে অবগত করেন।

সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, সদস্য নির্মল পাল, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, যুগ্ম আহ্বায়ক উপমাসহ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম