
শনিবার (২৭ আগষ্ট) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজারস্থ মকিমাবাদ এলাকায় সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাত পোহালেই দেখবেন শেখ হাসিনা নেই। সেজন্য নেতার (তারেক জিয়া) নির্দেশ, আপনাদেরকে রাজপথে থাকতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেয়া হবে। যারা মামলার শিকার হয়েছেন, তাদের মামলা তুলে তিপূরণ দেয়া হবে। আর যারা গায়ে (শরীর) হাত দিয়েছে। তাদের বিচার নেতা-কর্মীরাই করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, এস.এম কামাল উদ্দিন চৌধুরী, মো. রফিক সিকদার, কাজী রফিকুল ইসলাম ও মোস্তফা খান সফরি, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


