চাঁদপুর: ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আযোজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, শুধু বক্তব্য নয় সচেতন হতে হবে সবার। প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে। সড়কটাকে বাসযোগ্য করতে হবে। আমাদের সচেতনার জায়গাটাকে আরো মজবুত করতে হবে। কারণ আমাদের সচেতনার জায়গাটা অনেক নিচু স্থানে চলে এসেছে। গ্রিল লাগিয়ে বা নিয়ম করে কিছু হবে না, আমাদের মধ্যে সচেতন হতে হবে। আমরা বিশৃঙ্খল সড়ক চাই না। নিরাপদ সড়ক গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।

আলেচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ এর সহকারি পরিচালক মো. আফজাল হোসেন।
সাংবাদিক এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমূখ।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ফরহাদ আলম।
ফম/এস.পলাশ/এমএমএ/



