চাঁদপুর : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হযেছে আন্তর্জাতিক নারী দিবস।
বুধবার (৮ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, জেন্ডার বলতে শুধু নারীকেই বুঝানো হয় না। জেন্ডার বলতে ৩ পক্ষকেই বুঝানো হয়। নারীরা এখন কোন জায়গায় পিছিয়ে নেই। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। একজন নারী অনেকগুলো ভূমিকা পালন করছেন। সেই সাথে পুরুষরাও অনেক ভূমিকা পালন করছেন।
ডিসি বলেন, বাহিরে নারীরা যখন কাজ করেন, বাসায় এসে তখন সেই নারী আবার বাসার কাজগুলোও সম্পন্ন করেন। নারীর অনরক গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি নেই। আমাদের কিছু কিছু সুক্ষ জায়গার পরিবর্তন দরকার। আমাদের চিন্তার জায়গায় সুক্ষ পরিবর্তন প্রয়োজন। উন্নয়ন আমাদের হয়েছে কিন্তু আমাদের এখনো মনমানসিকতার পরিবর্তন হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান ও সনাক সভাপতি ডা. পিযুষ কান্তি বড়ুয়া।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের নেতারা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/



