চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, দুর্গাপূজার প্রতিটি মন্ডপে যেন স্বেচ্ছাসেবক টিম থাকে এবং প্রত্যেককে দায়িত্ব সঠিকভাবে বন্টন করে দিতে হবে। প্রতিটি মন্ডপে আসা যাওয়ার পথ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে সচেতন থাকতে হবে। কোন কিছু দেখলে তা শেয়ার না করে প্রশাসনকে সাথে সাথে জানাতে হবে। আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা গ্রহণ করবো।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা প্রতিটি পূজা মন্ডপে পৌঁছে দেয়া হবে। যেন সবাই সিদ্ধান্তগুলো যথাযথভাবে মেনে চলে। ফায়ার সার্ভিসের নদী পথের যেসকল ইউনিট রয়েছে, তারা বিসর্জনের দিন কাছাকাছি জায়গায় অবস্থান করবেন। বিসর্জনের কাজটি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মানতে হবে। যেন বিলম্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ নয়। নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, চাঁদপুরে আজ থেকে ১৫ বছর আগে যে পরিমান ট্রাফিক পুলিশ ছিলো এখনও সেই পরিমান আছে। কিন্তু গত ১৫ বছর আগে যে পরিমান যানবাহন ছিলো আজকে তার থেকে বেশি। সীমিত এই ট্রাফিক পুলিশ নিয়ে আমাদের কাজ করব যেন যানজট না লাগে। এছাড়া থানা পুলিশও দায়িত্ব পালন করবে।
এসপি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ২৪ ঘন্টা নজরদারি করছি। সামনে যেহেতু নির্বাচন সেহেতু একেকজন একেক স্বার্থ হাসিল করতে চাইবে। তারা যেন সেই স্বার্থ হাসিল করতে না পারে সেদিক আমরা নজরদারি রাখছি এবং তা প্রতিহত করবো। যারা স্বেচ্ছাসেবক থাকবে তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে বন্টন করে দিতে হবে। বিশেষকরে রাতে কে কখন থাকে তা বলে দিতে হবে। বিসর্জন উৎসব মূখর পরিবেশ রাখতে আমরা সবসময়ই আপনাদের পাশে আছি।
এসপি আরো বলেন, একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দলীয় নেতাকর্মীদেরও মাঠে থাকতে বলেছেন। যার জন্যে আপনাদের কোনপ্রকার ভয় পাবার কিছু নেই। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে জেলা পুলিশ প্রস্তুত।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।
এছাড়াও বক্তব্যে দেন- চাঁদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ভৌমিক ও জেলা স্কাউটস্ এর সম্পাদক অজয় ভৌমিক প্রমূখ।
ফম/এমএমএ/



