চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের চিরকুট লিখে যাওয়া শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে নয়টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়,সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম এবং পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ ছিল, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল পরিবার।
নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। লিখনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই আপন বলেন, ভাইকে ফিরে পেয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। যারা খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
লিখন মজুমদার পবন সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মাঝে।
ফম/এমএমএ/


