চাঁদপুর: সোমবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান স্যারের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।
পরিচয় পর্বের পর কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, এবং ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান স্যার শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, কলেজ ইউনিফর্ম ও পাঠদান কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করেন। তাছাড়া ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান করেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
ফম/এমএমএ/



