চাঁদপুর: ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি (৬ সেপ্টেম্বর) শনিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপনকল্পে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ মমিনুল ইসলাম। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় নবীজীর জীবনী ও কর্মের উপর বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রিদওয়ান ও ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার, প্রমুখ।
সভাপতির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন যে, নবীজীর নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়েছিল। তাঁর উপরই নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআন। তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের আলো হয়ে। তিনি ছিলেন সত্যবাদী তথা আলআমিন। রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য নিয়ে আসেন পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মকে অনুসরণ করে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করছি।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


