
চাঁদপুর: চাঁদপুর শহরের বড় বড় বিপনী বিতানগুলোতে অনেকটা জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তবে অন্য বছরের তুলনায় এ বছর কিছুটা দেরি হয়েছে বিক্রি শুরু হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। ক্রেতাদের সাথে কথা বলতে চাইলে মন্তব্য না করে অনেকেই মুচকি হাসি দিয়ে চলে যান।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে শহরের মীর শপিং, পূরবী মার্কেট, হকার্স মার্কেট ঘুরে দেখাগেছে ক্রেতার সংখ্যা বেড়েছে। তবে ফুটপাতে ঈদের কেনাকাটা তেমন চোখে পড়েনি। দুই একজন হকার সড়কে বসলেও পৌর কর্তৃপক্ষের কঠোর নির্দেশনায় অনেকটা শৃঙ্খলায় আছে শহরের পরিবেশ।
বেশ কিছু সময় মার্কেটগুলোতে অবস্থান করে দেখাগেছে অধিকাংশ ক্রেতাই পুরো পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটে এসেছেন। কারণ ছোট বড় সবার পছন্দের গুরুত্ব দিয়ে ঈদ কেনাকাটা সারছেন। দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে জনৈক ক্রেতা ঈদ কেনাকাটা করলেন মীর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বাঁধন এন্টারপ্রাইজ থেকে বের হলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে দাম কেমন রেখেছে। কোন উত্তর না দিয়ে মুচকি হেসে চলে গেলেন। তাই তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
একই মার্কেটের নীচ তলায় কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানালেন ১০ রমজানের পর থেকে বিক্রি শুরু হয়েছে। এখন কিছুটা বিক্রি বেড়েছে। বেলা ১১টার পর থেকেই দোকানগুলোতে ক্রেতাদের আগমন বাড়ে।
শহরের হকার্স মার্কেটের সামনে গিয়ে দেখাগেলো ক্রেতাদের স্রোত। মার্কেটের সামনে হেঁটে চলা অনেকটা কষ্টকর। কারণ শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্রেতাদের ভীড় জমে এই মার্কেটে। এই মার্কেটে বিভিন্ন বাজেটের পোষাক পাওয়া যায় এমন চিন্তাকরে ক্রেতাদের চোখ থাকে এই মার্কেটে।
ফম/এমএমএ/



