চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে এফ.এম.বি ব্রিক ফিল্ডের আগুনে ফসল ও ফল-ফলাদি গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৫ মে) সকালে এসব ক্ষতি থেকে ফসল রক্ষায় ব্রিকফিল্ডটি বন্ধের দাবিতে কৃষক এবং এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
রোববার (১৪ মে) ব্রিক ফিল্ডের আগুনে ফসল ও ফল-ফলাদি গাছ পুড়ে যাওয়ায় ক্ষতি উল্লেখ করে গ্রামবাসীর পক্ষে মোঃ দেলোয়ার হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা শাহনাজ এর বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এছাড়া ব্রিক ফিল্ডটি বন্ধের দাবিতে এলাকাবাসী গণস্বাক্ষর প্রদান করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ৬ বছর ধরে এফ.এম.বি ব্রিক ফিল্ডটি চলে আসছে। ব্রিক ফিল্ডের পাশের পাট, গম, ভুট্টা,আখ, মরিচসহ ফল-ফলাদি গাছ যেমন- আম, কাঁঠাল, জলপাই, আমড়া, কাউ, তেঁতুলসহ অন্যান্য গাছ পাতা শুকিয়ে মরে যাচ্ছে। এছাড়া বিভিন্ন শাক সবজির গাছ মরে যাচ্ছে এবং রেনডি, কড়ই গাছের কাঁচা পাতা ঝরে পড়ে পুকুরের মাছ মারা যাচ্ছে। বিষয়টি ব্রিক ফিল্ডের মালিক পক্ষকে কয়েকবার বলার পরও তারা কোন কর্নপাত করে নি।
গ্রামবাসীর পক্ষে মো. দেলোয়ার হোসেন বলেন, ব্রিক ফিল্ডটিতে প্রথমে সিরামিকের ফ্যাক্টরী করা হবে বলে জানানো হয়। জমির মালিকরা স্থানীয় ও অন্যান্য মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে তাদেরকে জমি প্রদান করে। কয়েক দিন জমিটি ফেলে রেখে পরে তারা সিরামিকের ফ্যাক্টরী না দিয়ে ব্রিক ফিল্ডটি নির্মাণ করে।
কৃষক শাহজাহান বেপারী, আবুল হাশেম খান, আবুল কাশেম মোল্লাসহ কয়েকজন জানান, এফ.এম.বি ব্রিক ফিল্ডটির কারনে জমির ফসলগুলো ঝলসে যাচ্ছে। এ বছর আমাদের অনেক ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ব্রিকফল্ডের আশপাশের বাড়ির ফল-ফলাদি গাছ গুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমির ফসলগুলো রক্ষায় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।
তবে এ বিষয়ে কথা বলার জন্য ব্রিকফিল্ডে গেলে বক্তব্য নেয়ার জন্য মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। বক্তব্যের জন্য মোবাইল ফোন করা হয়, ফোন রিসিভ না করে কেটে দেয়।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী ভুট্টো জানান, জমির মালিকরা যদি তাদের সাথে কোন চুক্তি না করেন, তাহলে ব্রিকফিল্ড মালিকরা আর কাজ করতে পারবেন না। তবে এই বিষয়ে কেউ আমার কাছে কোন অভিযোগ করেননি।
ফম/এমএমএ/



