চাঁদপুরে শিবিরের সাবেক নেতা মোর্শেদ গ্রেফতার

গ্রেফতার খান মো. নিয়াজ মোর্শেদ। ফাইল ছবি।

চাঁদপুর : চাঁদপুরে বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী শিবিরের সাবেক নেতা খান মো. নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন।

নিয়াজ মোর্শেদ শহরের নাজির পাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। এরপূর্বে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের শান্তিপুর্ন মিছিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার ১৩ জন শিবির কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মামলা বিষ্ফোরক দ্রব্য আইনে ও অপরটি হত্যা মামলা। এই দুই মামলায় এজহারভুক্ত আসামী শিবিরের সাবেক নেতা খান মো. নিয়াজ মোর্শেদ।

গ্রেফতার খান মোঃ নিয়াজ মোর্শেদ জানান, আমি এখন আর শিবিরের রাজনীতির সাথে জড়িত নেই। বর্তমানে আমি গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্যসচিব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ফোকাস মোহনাকে  বলেন, বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী হলেন খান মোঃ নিয়াজ মোর্শেদ। শুক্রবার (১৬ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম