চাঁদপুর : ঢাকা সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরে আসার সময় আসনে বসাকে কেন্দ্র করে সুমন গাজী (৩৩) নামে যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত ৮জনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিকেলে শহরের বিআইডাব্লিউটিএ’র মোড় চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে আটকের বিষয়ে জানান পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান।
আটকরা হলেন-মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর পৌরসভা এলাকার বাসিন্দা একেএম সাহাবুদ্দিনের ছেলে বাবু আহমেদ ওরফে সুমন (২২), চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর হাসান আলীর ছেলে সবুজ প্রধানিয়া (২৩), একই এলাকার খোকন মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২৩), শহরের ট্রাক রোড এলাকার নাছির উদ্দিন মাঝির ছেলে সাজ্জাদ হোসেন আপন (২২) ও রহমতপুর আবাসিক এলাকার বিল্লাল খানের ছেলে সবুজ খান (২১), শহরের দক্ষিণ গুনরাজদীর আমির হোসেন বেপারীর ছেলে হাসান মাহমুদ সোহাগ (২১), একই এলাকার মধ্য ইচুলী গ্রামের গাজী বাড়ীর খালেক গাজীর ছেলে রাকিব হোসেন গাজী (২২) ও একই গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর ছেলে ইয়ামিন (২২)।
এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সোনার তরী লঞ্চে হত্যার শিকার সুমন গাজী ও ১নম্বর আসামী বাবু আহমেদ ওরফে সুমন এর সাথে লঞ্চের আসনে বসা নিয়ে বাক বিতন্ডা হয়। পরে সুমন তার সহযোগীদের ফোন দিয়ে চাঁদপুর লঞ্চঘাটে আসতে বলে। সুমন গাজী লঞ্চঘাটে নামলে তাকে ৭-৮জনে একত্রিত হয়ে শরীরের বিভিন্নস্থানে দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। ঘটনাটি জানতে পেরে চাঁদপুর নৌ থানা পুলিশ এগিয়ে আসে এবং ঘটনাস্থল এলাকা থেকে ৫জনকে আটক করে। নৌ পুলিশ গুরতর আহত অবস্থায় সুমন গাজীকে উদ্ধার করে চাঁদপুর সরাকরি জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫.১০মিনিটের দিকে সুমনগাজী মৃত্যু বরণ করে।
ফার্নিচারের রং মিস্ত্রি সুমন গাজী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের স্বপন গাজীর ছেলে।
আরও পড়ুন>>লঞ্চের আসনে বসা নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা
এদিকে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুমন গাজীর মরদেহ নিয়ে খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সকালে আটক ৫জনের দেয়া তথ্যের ভিত্তিতে বাকী ৩জনকে আটক করা হয়। আটক ৮জন থানা হেফাজতে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফম/এমএমএ/



