চাঁদপুরে জিয়াউর রহমানের ছবি এঁকে পুরস্কার পেল শিক্ষার্থীরা

চাঁদপুর : চাঁদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিকৃতি ছবি আঁকা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির যে বার্তা সেদিন উচ্চারিত হয়েছিল, তা আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

এমপি বলেন, এই দিন আমাদের শিক্ষা দেয়-জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূইয়া সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম