চাঁদপুর সরকারি মহিলা কলেজে নতুন পাঁচ প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ

চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৪৯তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পাঁচজন নবীন প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে নবযোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

নবযোগদানকৃত পাঁচ প্রভাষক বাংলা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে যোগদান করেছেন।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান নবীন শিক্ষকদের কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি নবীন শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও দেশ গড়ার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে আধুনিক শিক্ষাপদ্ধতি ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষককে সবসময় অধ্যয়নশীল, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হতে হয়। শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বজায় রেখে তাদের মেধা ও মনন বিকাশে ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে সম্মিলিতভাবে কাজ করলে কলেজের শিক্ষার মান ও সুনাম আরও বৃদ্ধি পাবে।

নতুন কর্মস্থলে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অধ্যক্ষ নবযোগদানকৃত শিক্ষকদের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ৪৯তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব প্রভাষকের যোগদানের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম