চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম