চান্দ্রার সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, দুই হাত ভেঙে দেয়ার অভিযোগ!

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ খানের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর দুই হাত ভেঙে গেছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ১৩ নং হানারচর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ইউসুফ খানের অভিযোগ, জমির খাজনা দিতে ভূমি অফিসে গেলে পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে জমির খাজনা পরিশোধের জন্য ১৩ নম্বর হানারচর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় তাঁকে একা পেয়ে একই এলাকার নুরু খানের ছেলে লিটন, ওমর আলী, নাছির খান, শুক্কুরীসহ আরও ৮-১০ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং দুই হাত ভেঙে যায় বলে তিনি দাবি করেন।

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাবেক এই চেয়ারম্যান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম