চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাসে জেলা টাস্কফোর্সের জাটকা সংরক্ষণ অভিযানে জব্দ ৩৭টি জেলে নৌকার মধ্যে ২৯টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। একই সাথে বিক্রি করা হয় ৮টি লোহার গ্যারাপি, ৮টি ব্যাটারি ও একটি সুতার জাল।
সোমবার (১৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দ নৌকা নিলামে বিক্রির জন্য জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটির আহবায়ক ও সদস্যদের উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।
নিলামে কমিটির আহবায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ও মো. জাকারিয়া হোসেন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, জাটকা সংরক্ষণ অভিযানে জেলা ও উপজেলা টাস্কফোর্স ৩৭টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এর মধ্যে ২৯টি নৌকা, ৮টি লোহার গ্যারাপি, ৮টি ব্যাটারি ও ১টি সুতার জাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। যার নিলাম মূল্য ১২ লাখ ৯ হাজার ৪০০টাকা। এর মধ্যে ভ্যাট ৯০হাজার ৭০৫টাকা ও আয়কর কর্তন ৩৬হাজার ২৮২টাকা। সর্বমোট ১৩ লাখ ৩৬ হাজার ৩৮৭ টাকা আজকে সরকারি কোষাগারে জমা করা হয়।
তিনি আরও বলেন, জব্দ বাকি জেলে নৌকাগুলো উন্মুক্ত নিলামে সঠিক মূল্য না বলায় রেখে দেয়া হয়। কমিটির আহবায়ক ও সদস্যরা পরবর্তীতে তারিখ নির্ধারণ করে নৌকাগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করবেন।
ফম/এমএমএ/



