কাজের মানের সাথে আমরা কোথাও কোন আপোষ করবো না: সমাজকল্যাণ মন্ত্রী

চাঁদপুর শহর সংরক্ষন পুনর্বাসন প্রকল্প এর আওতায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন

চাঁদপুর : সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, চাঁদপুর শহর সংরক্ষণের কাজ আগেও খুবই মজবুতভাবে করা হয়েছে। এবারও আমাদের কাজ যে এলাকায় হবে তার তীরবর্তী এলাকার যত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও পেশাজীবীরা আছেন সকলে মিলে খেয়াল রাখতে হবে যে কাজটা হয়, সেটা যেন সর্বোচ্চ মানের হয়। কাজের মানের সাথে আমরা কোথাও কোন আপোষ করবো না।

সোমবার (১৩ মে) বিকেলে চাঁদপুর শহরের মোলহেডে শহর সংরক্ষন পুনর্বাসন প্রকল্প এর আওতায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই প্রকল্পে যে ঠিকাদারী প্রতিষ্ঠানই কাজ করুক না কেন, তারা যেন সর্বোচ্চ মানের কাজ করেন এটি আমরা নিশ্চিত করবো। আমি যতদুর জানি আপনরা এবার কাজের জন্য যে ধরণের বরাদ্দ রেখেছেন তা বাজার মূল্য মাথায় রেখেই ঠিক করেছেন। কাজেই সঠিকভাবে কাজ করতে সমস্যা হওয়ার কথা না। তাই আমি আশা করি কাজগুলো অতি উন্নত মানের হবে। আমাদের যে স্বপ্ন একেবারে নদীভাঙনমুক্ত চাঁদপুর সেটি আমরা পাব ইনশাআল্লাহ।

মন্ত্রী বলেন, আমি আজকে এসেছি শুধুমাত্র এই কাজটি উদ্বোধনের জন্য। কারণ এটি দেরি করে উদ্বোধন হলে কাজও দেরিতে শুরু হবে। আপনাদের জন্য শুভ কামনা। আমি আপনাদের মেয়ে ও বোন। এই নিয়ে আপনারা আমাকে চতুর্থবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন এবং আমার সুভাগ্য হয়েছে। আপনারা সম্মানিত করেছেন বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই নিয়ে তৃতীয়বার মন্ত্রীসভায় দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ দিয়েছেন প্রথমে পররাষ্ট্র, এরপর শিক্ষা এবং এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। দোয়া করবেন মাননীয় প্রধামন্ত্রীর যে আস্থা ও বিশ^াস তার যেন পরিপূর্ণ মর্যাদা রাখতে পারি। আশা করি আমা সকলে মিলে এই শহরকে একটি আদর্শ শহরে পরিণত করবো।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খায়ের।
সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এম.আর. ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারমান নুর হোসেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর মো. সফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম