
বক্তারা বলেন, প্রখ্যাত দানবীর এবং মানবতার ফেরিওয়ালা ভবতোষ সাহা চাঁদপুরের কৃতি সন্তান। তিনি দূর প্রবাসে থেকেও নিরবে নিভৃতে মতলব দক্ষিণ উপজেলা তথা চাঁদপুরে সামাজিক ও মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে কোন মানুষ কিংবা সংগঠনের পাশে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গৌর নিতাই সংঘ’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা করে নিজের জন্মভূমির মানুষের সেবা করে যাচ্ছেন। ভবতোষ সাহা মতলব দক্ষিণ উপজেলা মহাশ্মশানের উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা।
বক্তারা আরো বলেন, যে দেশে গুণী লোকের কদর করা হয় না, সে দেশে গুণী লোক জন্ম নেয় না। ভবতোষ সাহার মতো মানবিক মানুষদের সম্মান জানানো আমাদের সামাজিক এবং মানবিক দায়িত্ব। আমরা তাকে সম্মান জানাতে পেরে গর্ববোধ করছি। আমরা আশা করছি তার মাধ্যমে শুধু মতলব নয়, পুরো চাঁদপুর জেলার মানুষরা উপকৃত হবেন। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ভবতোষ সাহা এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন গৌর নিতাই সংঘ’র সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ভবতোষ সাহা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতার পরিচয়। সামাজিক এবং মানবিক কাজের জন্য আজকে আমাকে যে সম্মান জানানো হয়েছে তার জন্য আমি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ভবতোষ সাহাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বর্গীয় বিপ্লব-এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।



