চাঁদপুর: ‘জাটকা এবং মা ইলিশের পাশে, আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে’ এ স্লোগান নিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ১৫তম জাতীয় ইলিশ উৎসবের চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১৫তম জাতীয় ইলিশ উৎসবের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
তিনি বলেন, এবারের প্রক্ষাপট একটু ভিন্নতর। চাঁদপুরে এখন তেমন একটা ইলিশ পাওয়া যায় না। চাঁদপুরের ইলিশ ঐতিহ্য মনে হয় টিকবে না। কারণ চাঁদপুর সমুদ্রে ইলিশ এনে বিক্রি করা হচ্ছে যা অনেকেই চাঁদপুরের ইলিশ ভেবে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। যা আমাদের জন্যে হিতকর নয়।
তিনি আরো বলেন, আমাদের ইলিশ উৎসবকে সম্মিলিতভাবে স্বার্থক করতে হবে। যারা এ উৎসবের সাথে কর্মকর্তা হিসেবে আছেন তাদের দায়িত্ব অনেক থাকবে। সেসব দাযিত্ব সঠিকভাবে পালন করতে হবে।
১৫তম জাতীয় ইলিশ উৎসবের রূপকার ও মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় ১৫তম জাতীয় ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য শহিদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, মৎসজীবি নেতা মানিক দেওয়ান, সাংবাদিক গনি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, ‘আমরা আলোকিত নারী’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মুসরাত মুন্নি, ট্রেজারার ইশরাত জাহান বর্ষা প্রমূখ।
ফম/এমএমএ/



