গাজার ঘটনায় বায়তুল আমিন মসজিদে প্রজ্ঞাপন পাঠ করেন ওসি মুহসীন আলম

চাঁদপুর: গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। হামলা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। নিহতের ৪০ শতাংশই শিশু। এই হামলা ও নিহতের ঘটনায় বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়-গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সেই প্রজ্ঞাপন আজ শুক্রবার (২০ অক্টোবর) বিভিন্ন মসজিদে মুসল্লীদেরকে জানানো হয়।

তারই অংশ হিসেবে সরকারের এই প্রজ্ঞাপন চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে পাঠ করে শুনান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম।

প্রজ্ঞাপনের আলোকে আজ বাদ জুমআ ইসরায়েলের হামলায় গাজা ও অন্যান্য স্থানে নিহতের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠত হয়।

আগামীকাল অর্থাৎ শনিবার (২১ অক্টোবর) সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ১৯ অক্টোর এই প্রজ্ঞাপন জারি করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম