কচুয়ায় ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুর: সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় চাঁদপুরের কচুয়ায় ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ।

অভিযানে সিটিপ্যাথ ডিজিটাল সেন্টারকে ১০ হাজার টাকা, মনোয়াারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, আব্দুল হাই ডিজিটাল মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা, মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা ও সান মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান জানান, ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স) ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এসব ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ১ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এসব ডায়াগনিস্টক সেন্টার বন্ধ করে দেয়া হবে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আহসান উল্লাহ্ তালুকদার, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হকসহ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম