কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মৎস্য খামারে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফ (২২) নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহত দুজন সম্পর্কে ভাই বলে জানা গেছে এবং তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজার এলাকার মহিউদ্দিন ট্রেডার্স ও মৎস্য খামারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন ও আহত আরিফ দুজনেই দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার মিয়ার বাজারের ওই মৎস্য খামারে শ্রমিকের কাজ করে আসছিলেন। ঘটনার দিন প্রতিদিনের মতো তারা খামারে মাছের খাবার দিতে যান। এ সময় খামারের বৈদ্যুতিক ত্রুটির কারণে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত অপর শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার বিষয়ে জানতে মৎস্য খামারটির মালিক মহিউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার দুটি মোবাইল নম্বরই (01837–26 ও 01813–062) বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তীতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফম/এমএমএ/


