মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করার দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয় মাছ ধরার নৌকা, নিষিদ্ধ জাল ও ইলিশ মাছ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন ও মোহনপুর ফাঁড়ি পুলিশ।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকালে মোহনপুর নৌ পুলিশ মেঘনায় অভিযান পরিচালনা করে। এসময় অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ অবৈধ চায়না চাই, মশারি জাল ও  কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য শিকার করায় ৮ জেলেকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা ৩২০ মিটার চায়না চাই, ৮০ মিটার মশারির জাল ও ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত পৃথক ৮টি মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে সদর নৌ পুলিশ। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন জানান, আটক ২৫ জেলের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ নৌকা থানা হেফজাতে এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম