কচুয়ায় মসজিদের ইমামকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে ফেইজবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে ফেইজবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার করায় অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমার নামাজের পর কুটিয়া লক্ষ্মীপুর বাজারের রাস্তার উপর ওই গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন,ক্যাশিয়ার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম,সমাজসেবক ওমর ফারুক, মাওলানা আবু বক্কর ও মোস্তফা কামালসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালে ৫ আগস্টের দিন যাত্রাবাড়ি একটি ঘটনাকে জড়িয়ে সম্প্রতি কয়েকদিন যাবত অজ্ঞাত দুইটি ফেইক ফেইসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে গ্রামে একটা অস্থিরতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। অজ্ঞাত ফেইক ফেইসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত। মসজিদের ইমামসহ এলাকার লোকজনের সম্মানহানি হচ্ছে।

তারা আরো বলেন, ইতিমধ্যে ভুক্তভোগী ইমাম মুফতি আব্দুর রহমান কচুয়া থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি করেছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেইক ফেইসবুক আইডি পরিচালনাকারীকে সনাক্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনতে এ ব্যাপারে বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম