
চাঁদপুর: দেশে আর কখনো সংবিধান বহির্ভূত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মায়া চৌধুরী বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহিভূর্তভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবে না। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
মায়া বলেন, নির্বাচনে আসেন স্বাগত জানাই কিন্তু নির্বাচনে আসবেন না, গণতন্ত্র মানবেন না, আইনের শাসন মানবেন না, ভোট করতে দিবেন না, ভোট বানচাল করবেন, শেখ হাসিনা সরকার আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে আপনাদের স্বপ্ন কখনও পূর্ণ হবেনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. সেলিম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবাহান সরকার সুভা, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী আজমল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আহসান উল্লাহ প্রমুখ।
ফম/এমএমএ/


