ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজে অনিয়মের অভিযোগ

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে আছে। কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। প্রায় ২ কিলোমিটার ৭০০ মিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হলেও এত অল্প সময়ে সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। কাজের মান নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, সড়কটির এমন অবস্থার পেছনে কারিগরি ত্রুটি থাকতে পারে বলে ধারণা করছেন উপজেলা প্রকৌশলী।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে রয়েছে। আবার কিছু অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টিপাত হলে এসব গর্ত আরও বড় হয়ে যান চলাচলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় যানবাহন চালকরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শুরু হয় চলতি বছরের ৫ জানুয়ারি। কাজ শেষ হয় ৫ মে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। কাগজে-কলমে কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ হলেও বাস্তবে কাজটি বাস্তবায়ন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

সড়কটি চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলী বাজার পর্যন্ত বিস্তৃত। সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশে দেখা দিয়েছে কার্পেটিং উঠে যাওয়াসহ নানা সমস্যা।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলাকালে প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছে। ফলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করা সড়কটি কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

তুলাতলী বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, সড়কটি মেরামতের এক সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠতে শুরু করে। সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে। কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়। এ কাজে কারা অনিয়ম ও দুর্নীতি করেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।

নিয়মিত এই সড়কে অটোরিকশা চালান রিফাত রহমান। তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে, তা কেউ ভাবেনি। প্রথমে সবাই মনে করেছিলেন কাজটি ভালো হয়েছে। কিন্তু এখন সড়কে চলাচল করতে গিয়ে যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি যথাযথভাবে সংস্কারের দাবি জানাই।

আরেক অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, কার্পেটিং উঠে যাওয়ার পর ঠিকাদারপক্ষ এসেছিল। বিভিন্ন স্থানে মেরামতও করা হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আগের মতো অবস্থা ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, কয়েক বছর ধরে সড়কটিতে অসংখ্য গর্ত ছিল। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল। স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সংস্কারকাজ শুরু হলে এলাকাবাসী খুবই খুশি হয়েছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আবার কার্পেটিং উঠতে শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সড়কটি সংস্কারের সময় তিনি এই উপজেলায় কর্মরত ছিলেন না। কাজ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে সড়কটির বর্তমান অবস্থা দেখে তাঁর মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এটি তাঁর প্রাথমিক ধারণা। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য বলা হবে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। ওই ঠিকাদার আরও কয়েকটি কাজ নিয়ে ফেলে রেখেছেন।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি তাঁর লাইসেন্সে হলেও বাস্তবে করেছেন মঞ্জিল হোসেন।

পরে কাজের এমন বেহাল পরিস্থিতির বিষয়ে জানতে সাবেক মেয়র মঞ্জিল হোসেনকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম