মতলবে আগুনে পুড়েছে গোয়ালঘরসহ দুটি গবাদি পশু

চাঁদপুর :  চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুন লেগে কৃষক হযরত আলী শিকদারের দোচালা লাকড়ি রাখার ঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গবাদি পশু আগুনে পুড়ে মারা যায় এবং ক্ষতিগ্রস্ত হয় ঘরে থাকা জিনিসপত্র। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির এসব চিত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। ৭ থেকে ৮লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন।

স্থানীয়র জানান, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারায় গোয়ালঘরে থাকা দুটি গবাদি পশু।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া জুয়েল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার একটি দোচালাঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গর্ববতি (গাভিন) গরুও রক্ষা করতে পারেননি। এখন পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

মতলব উত্তর ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টায় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গোয়ালঘরের পাশের দোচালা ঘরে জ্বালানি কাঠ ছিলো। ওইঘরটিসহ দুটি গবাদি পশু পুড়েগেছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম