কচুয়ায় যানজট নিরসনে অভিযান, ফুটপাত দখল করায় ৫ জনের জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানাগর বাজারে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা অপসারণের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচজনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

স্থানীয়রা জানান, রহিমানাগর বাজারে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে দোকানের বর্ধিত অংশ, অবৈধ স্থাপনা ও মালামাল রাখায় যান চলাচল ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ পরিস্থিতি নিরসনে অভিযানের আগে মাইকিং করে সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ না করায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা এবং দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় যারা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাঁদের প্রয়োজনীয় সময় দেওয়া হয়।

অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, তদন্ত কর্মকর্তা রাশেদুল হক, রহিমানাগর বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক মিলন গাজী, সদস্য সচিব ডা. আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআর মিজানুর রহমান মোল্লাসহ বাজার পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখাই এ অভিযানের উদ্দেশ্য। জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম