ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহর জামায়াতের লিফলেট বিতরণ

চাঁদপুর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর শহরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শহর জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণকালে চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি তৈরি হয়। তাই ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রান্নাঘরের উচ্ছিষ্ট, খাবারের পচা অংশ ও অন্যান্য ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলে রাখা উচিত নয়। এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে যথাযথভাবে অপসারণ করতে হবে। একই সঙ্গে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলোর প্রতিও বিশেষ নজর দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার, প্রতিবেশী, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রত্যেকের দৈনন্দিন অভ্যাসে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে। নিজের বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশের পরিবেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, অধ্যাপক ওমর ফারুক, মোহাম্মদ হানিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

মোঃ মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম