চাঁদপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সোহেল রানার ফরম সংগ্রহ

চাঁদপুর: ​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শুভাকাঙ্ক্ষী ও ওয়ার্ডবাসীর বিশেষ অনুরোধে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে দলীয় তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেছেন সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা।

​১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ ঢালীর হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই দলীয় তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন চাঁদপুর জেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক এ শীর্ষ নেতা।

​ফরম গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী এবং দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, ১০নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুসংগঠিত ও কল্যাণমুখী মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

​উল্লেখ্য, মোঃ সোহেল রানা  ইতিপূর্বে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। রাজপথের এই অভিজ্ঞ সাবেক ছাত্রনেতার প্রার্থী হওয়ার খবরে ১০নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

​ফরম হস্তান্তরকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/