চাঁদপুর: সারাদেশে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার পর চাঁদপুরে খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২ হাজার ৫০ টাকা পর্যন্ত। তবে বাজারে গ্যাস সিলিন্ডারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মূল্যে বিক্রিতে তদারকি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের তালতলা, মিশন রোড, নিউ ট্রাক রোড, নতুন বাজার ও পালবাজার এলাকার বিভিন্ন এলপিজি বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
শহরের মিশন রোড এলাকার মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বলেন, তার প্রতিষ্ঠানে বর্তমানে শুধু পেট্রোম্যাক্স কোম্পানির ১২ কেজি ওজনের সিলিন্ডার রয়েছে। এটি তিনি খুচরা পর্যায়ে ২ হাজার টাকা দরে বিক্রি করছেন।
সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে এলপিজির দাম কিছুটা বেশি। সেখানে কোম্পানি ও ধরনভেদে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা মোসাদ্দেক আল-আকিব বলেন, ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা আসার পর ওই রাতেই তিনি ২ হাজার ১০০ টাকা দিয়ে ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন। অথচ এর আগে গত ১ সেপ্টেম্বর একই ধরনের সিলিন্ডার তিনি কিনেছিলেন ১ হাজার ৪৫০ টাকায়।
তালতলা এলাকার আয়াত এন্টারপ্রাইজের মালিক আরিফুর রহমান বলেন, তার দোকানে মঙ্গলবার বেক্সিমকো কোম্পানির ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৫০ টাকা এবং যমুনা কোম্পানির সিলিন্ডার ১ হাজার ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ ঘোষণায়, গত ৪ অক্টোবর ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। প্রতি কেজি এলপিজির দাম ২১ টাকা বাড়িয়ে ১৫৩ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়। সেই হিসাবে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছিল। তবে নতুন দাম ঘোষণার পর চাঁদপুরের খুচরা বাজারে নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই। তবে কোম্পানি ও এলাকা ভেদে দামের পার্থক্য রয়েছে।
ফম/এমএমএ/


