কসমেটিকস ও ফুড সাপ্লিমেন্ট বিক্রিতে জরিমানা, কলা পাকাতেও নিষেধাজ্ঞা

চাঁদপুর: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা, লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রি এবং ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে তিন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের প্রয়োজনীয় স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে দ্রুত পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিনটি ঘটনায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বেচ্ছায় পরিশোধ করেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ফল পাকানো এবং অনুমোদনহীন বা প্রয়োজনীয় তথ্যবিহীন পণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বিদেশি কসমেটিকস ও খাদ্যজাতীয় সাপ্লিমেন্ট বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও আমদানিকারকের তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জরিমানার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিতরণ করা হয় জনসচেতনতামূলক লিফলেট।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের স্বার্থবিরোধী অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম