চাঁদপুরে সারের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারি

চাঁদপুর: চাঁদপুরে সারের কৃত্রিম সংকট তৈরি কিংবা কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির বিষয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলার সার ডিলার ও সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

ডিসি বলেন, সার ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে, যাতে কৃষক সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন। চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান।

জেলা প্রশাসক বলেন, কৃষকদের কৃষিজমিতে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। কোনোভাবেই যাতে সারের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। সার ডিলারদের শুধুমাত্র নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সার বিক্রি করার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরো বলেন, চাঁদপুরে যে পরিমাণ সার প্রয়োজন, তা মজুত রয়েছে। ফলে সার নিয়ে কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারের বাজার ব্যবস্থাপনার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সার বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় কোনো অনিয়ম যাতে না হয়, সেজন্য মাঠপর্যায়ে নজরদারি করা হচ্ছে। জেলা প্রশাসন, কৃষি বিভাগ, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি মনিটরিং করছে।

সভায় সার ডিলারদের পাশাপাশি কৃষি বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জেলার বিভিন্ন উপজেলায় সার সরবরাহ, বিতরণ ব্যবস্থা, কৃষকদের চাহিদা এবং ডিলারদের দায়িত্বসহ সার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় উঠে আসে।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক।

এছাড়া সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলছুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাজ্জাদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহম্মদ, ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার এবং মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পালসহ বিভিন্ন সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম