হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজীগঞ্জের কৃতিসন্তান সাংবাদিক মো. আবু সাঈদ পাটওয়ারী রাসেল। সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি দুপুরে তিনি আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সাংবাদিক আবু সাঈদ পাটওয়ারী রাসেলকে বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি মো. আসাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি মো. খোরশেদ আলম মজুমদার।
জানা গেছে, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, মো. আবু সাঈদ পাটওয়ারী রাসেল। এক প্রতিক্রিয়ায় তিনি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তাঁর দায়িত্ব পালনে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
ফম/এমএমএ/


