জনস্বার্থকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প নিতে হবে: রাশেদা বেগম হীরা এমপি

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী ও রামপুর ইউনিয়ন এবং হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় তিনি এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শাহতলীতে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

এ সময় রাশেদা বেগম হীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করছেন। তিনি একের পর এক নির্বাচনী ওয়াদা পালন করছেন। পর্যায়ক্রমে সব নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে এসব প্রকল্পের সুফল সরাসরি জনগণ পায়। পাশাপাশি উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ভবিষ্যতে কোন কোন স্থানে সমস্যা রয়েছে, পরিদর্শনের সময় আমরা মানুষের কথা শুনেছি। তাদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মিজিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম