কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
জানা যায়, অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাতাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কচুয়া থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
ফম/এমএমএ/



