চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের রেললাইনের দুই পাশে গড়ে ওঠা আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, শিশু-কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ এবং ওয়ার্ডবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শরীফ উদ্দিন পলাশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় তিনি ১২নং ওয়ার্ডের রেললাইনের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা বিভিন্ন আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করেন তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে শরীফ উদ্দিন পলাশ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার বিভিন্ন মাঠে গিয়ে শিশু-কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম ও খেলাধুলার সামগ্রী বিতরণের মাধ্যমে ওয়ার্ডবাসীর সঙ্গে শরীফ উদ্দিন পলাশের এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



